রাজবাড়ী প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বেলা ১১টায় পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গিয়াস উদ্দিন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুন্নাহার, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাসুদ রানা।
বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের সর্বস্তরে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিক্ষা বিস্তার এবং ক্ষমতায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তারা আরও বলেন, নারীদের অবহেলার কোনো সুযোগ নেই। সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নারীদের শুধুমাত্র মা, বোন বা স্ত্রী হিসেবে নয়, সর্বপ্রথম একজন মানুষ হিসেবে মূল্যায়ন করা প্রয়োজন। পাশাপাশি তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। বিভিন্ন কর্মক্ষেত্রে নারীদের জন্য আলাদা কমফোর্ট রুমের ব্যবস্থা করা গেলে তারা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করবেন। এতে ব্যক্তিগত প্রয়োজন মেটানোর পাশাপাশি কর্মক্ষেত্রেও তারা আরও মনোযোগের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/মিতু