বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নানা অব্যবস্থাপনা ও অনিয়মের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (০৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের হওয়ার কথা থাকলেও তা সময়মতো শুরু হয়নি।
এদিকে র্যালি ও আলোচনা সভার প্রধান অতিথি বাগেরহাট–২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ সকাল সাড়ে ৯টায় উপস্থিত হয়ে গাড়ির মধ্যে অপেক্ষা করতে থাকেন।
পরে জেলা প্রশাসক আসলে সকাল ১০টায় র্যালি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট–২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
মঞ্চে উপস্থিত থাকার জন্য বাগেরহাট প্রেসক্লাবের সভাপতির নাম ঘোষণা করা হলেও এ বিষয়ে তাকে আগে জানানো হয়নি। এছাড়া বাগেরহাটের গণমাধ্যমকর্মীদের আলোচনা সভাস্থলে বসার কোনো স্থানও ছিল না।
র্যালি ও আলোচনা সভাজুড়ে স্থানীয় কিছু বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকদের প্রভাব বিস্তার করতে দেখা যায়। এসব বিষয় নিয়ে র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণকারী সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদকর্মীরাও।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিয়া ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আতিয়া খাতুন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন প্রমুখ।
বক্তারা নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, বাল্যবিবাহ নিরোধ, রাজনীতিতে নারীদের অংশগ্রহণসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে মহিলা বিষয়ক অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন বলেন, আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান কিছুটা বিলম্বে শুরু হয়েছে, তবে অব্যবস্থাপনা তেমন কিছু হয়নি। সাংবাদিকরা তিলকে তাল বানান। এর বেশি কিছু বলার নেই বলে তিনি ফোন কেটে দেন।
রিপোর্টার্স২৪/এসএন