স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে লুটপাট আগে যা-ই হয়েছে ভবিষ্যতে আর হবে না। লুটপাট যা হয়েছে এতে কাউকে না কাউকে দায়ি করা হবে।
রোববার (৮ মার্চ) ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ফেনী ও সংসদীয় আসনে এটি মন্ত্রী প্রথম সরকারি সফর।
এসময় তিনি আরো বলেন, ঢাকা শহরের পলিউশন লেভেল পৃথিবীর সবচেয়ে খারাপ। যেভাবেই হোক আমাদের জনগণের জীবনমান উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন করতে হবে। আগের কাউকে দোষ দিয়ে লাভ নেই। এখন দূষণ কমানো আমাদের জাতিগত দায়িত্ব।
তিনি আরো বলেন, মাটি পোড়ানো ইটের জায়গায় পরিবেশবান্ধব ইটে রুপান্তর করা এক-দুই বছরে সম্ভব না ৷ সময় সাপেক্ষ। তবে পরিবেশবান্ধক ব্লক ইটে যেতেই হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নবী নেওয়াজ, পরিবেশ অধিদফতরের উপপরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক প্রমূখ।
রিপোর্টার্স২৪/ধ্রুব