রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ভারত এখনও বড় কোনো শক্তি নয় এবং দেশটি নিজস্ব কিছু তৈরি করতে পারছে না। তিনি অভিযোগ করেছেন, সাম্প্রতিক ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ডেটা যুক্তরাষ্ট্রের হাতে চলে যাচ্ছে।
শনিবার (৭ মার্চ) কেরালার মারিয়ান কলেজে শিক্ষার্থীদের সঙ্গে আলাপে রাহুল গান্ধী বলেন, ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা একটি নির্দিষ্ট আদর্শ এবং চিন্তাধারার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। উপাচার্যদের মধ্যে অনেককেই জাতীয় স্বেচ্ছাসেবক সংস্থা (আরএসএস)-এর সঙ্গে যুক্ত থাকার কারণে নিয়োগ দেওয়া হয়েছে, যা বন্ধ হওয়া উচিত।
তিনি এআই খাতে ভারতের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, মূলত যুক্তরাষ্ট্র ও চীনই এআই খাতে বড় খেলোয়াড়, আর ভারত এখনও পিছিয়ে।
রাহুল গান্ধী আরও বলেন, এআই ও রোবোটিক্সে শক্তিশালী হতে হলে দেশের নিজস্ব ডেটার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা জরুরি। তিনি অভিযোগ করেন, মোদি সরকারের ভারত–যুক্তরাষ্ট্র চুক্তির ফলে দেশটির বৈশ্বিক ডেটা সরাসরি যুক্তরাষ্ট্রের হাতে যাচ্ছে। ডেটা, উৎপাদন ও পরিবহন খাতে বড় পরিবর্তন ঘটছে, কিন্তু ভারত তা পর্যবেক্ষণই করছে না।
তিনি উদাহরণ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সফলতা তাদের কাছে বৈশ্বিক ডেটা থাকা এবং তার নিয়ন্ত্রণে থাকার কারণে। ব্যবহারকারীরা যেমন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, সেই ডেটা ভারতের নয়, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে। চীনের ক্ষেত্রে এটি ভিন্ন, তারা নিজেদের ডেটার সম্পূর্ণ মালিক। রাহুল গান্ধী সতর্ক করেছেন, যদি দেশের ডেটা বিদেশের হাতে চলে যায়, কিছু উৎপাদন না হয় এবং মানুষ একে অপরের সঙ্গে লড়াই চালিয়ে যায়, তাহলে ভারতের ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ হবে।
রিপোর্টার্স২৪/আরকে