আন্তর্জাতিক ডেস্ক: ইরান দাবি করেছে, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশটিতে কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময় রোববার দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেন, এক সপ্তাহ আগে সংঘাত শুরু হওয়ার পর কয়েকজন মার্কিন সেনা ইরানের হাতে আটক হয়েছেন। তবে ঠিক কতজন সেনাকে আটক করা হয়েছে সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।
এছাড়া ওই সেনাদের কীভাবে আটক করা হয়েছে, তারা কোথায় আটক রয়েছেন কিংবা কোন পরিস্থিতিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে— সে সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা।
ইরানের পক্ষ থেকে এমন দাবি এলেও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমেও এ সংক্রান্ত নির্ভরযোগ্য কোনো তথ্য এখনও নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং সংঘাতের সূচনা হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ভেতরে মার্কিন সেনাদের সরাসরি স্থল অভিযান চালানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশ পায়নি।
পর্যবেক্ষকরা বলছেন, এমন পরিস্থিতিতে ইরানের এ ধরনের দাবি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে আটক সেনাদের বিষয়টি সত্য হলে তা দুই দেশের সম্পর্ক ও চলমান সংঘাতের গতিপ্রকৃতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
রিপোর্টার্স২৪/বাবি