| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেট্রল পাম্পে তেল নেওয়া নিয়ে বিরোধ, পিটুনিতে যুবক নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ০২:০৯:৪৯:পূর্বাহ্ন  |  ৫৪৭৪০৬ বার পঠিত
পেট্রল পাম্পে তেল নেওয়া নিয়ে বিরোধ, পিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের একটি পেট্রল পাম্পে তেল নেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে পাম্পকর্মীদের পিটুনিতে আল মিরাজ নিরব (২৩) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত মেসার্স তাজ ফিলিং স্টেশন–এ এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতের দিকে আল মিরাজ নিরব মোটরসাইকেলে তেল নিতে ওই পাম্পে যান। সে সময় পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করেন। পরে নিরব পাশের আরেকটি পাম্পে তেল নিতে চলে যান।

ফেরার পথে তিনি আবার তাজ ফিলিং স্টেশনের সামনে এসে দেখতে পান, পাম্পের কর্মচারীরা অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিচ্ছেন। এ বিষয়টি নিয়ে নিরব প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় পাম্পের কয়েকজন কর্মচারী লাঠি দিয়ে নিরবকে বেধড়ক মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নিরবকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল–এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নিরব কালীগঞ্জ উপজেলা–র বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের বাসিন্দা আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশেই একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করতেন। পাশাপাশি তিনি ঝিনাইদহ সরকারি কেসি কলেজ–এ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য হিসেবেও পরিচিত ছিলেন।

ঘটনার পর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) অভিযান চালিয়ে পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার সুমন পাল বলেন, গুরুতর আহত অবস্থায় নিরবকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, তাজ ফিলিং স্টেশনের মালিক ঝিনাইদহের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সৃজনী বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ ওরফে সৃজনী হারুন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪