কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) দুপুরে এ ঘটনায় নিহত হন গণেশ পাল (৪০) নামে স্থানীয় এক ব্যবসায়ী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে কক্সবাজার সদর উপজেলার বিজিবি ক্যাম্প এলাকার পল্লন কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গণেশ পাল ওই এলাকার বাসিন্দা বিশ্বনাথ পালের ছেলে।
নিহতের স্ত্রী নেপালী পাল জানান, তাদের বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলছিল। এ কাজকে কেন্দ্র করে শুক্রবার রাতে জিদান নামে এক ব্যক্তি গণেশ পালের দোকানে গিয়ে চাঁদা দাবি করেন। তবে গণেশ পাল চাঁদা দিতে অস্বীকার করলে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়।
তার অভিযোগ, শনিবার দুপুরে জিদান ও তার এক সহযোগী তাদের বাড়িতে ঢুকে গণেশ পালের ওপর হামলা চালান। এ সময় তাদের চোখের সামনেই অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে গণেশ পালের বুকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন।
পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জিদানের বাড়িও একই এলাকার বিজিবি ক্যাম্পের পল্লন কাটা এলাকায়। তিনি স্থানীয় রাজমিস্ত্রি জাকির হোসেনের ছেলে বলে জানা গেছে।
নিহতের চাচাতো ভাই বাপ্পী পাল বলেন, হঠাৎ খবর পাই গণেশকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে জানতে পারি, আমার জেঠাতো ভাই মারা গেছেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ–এর কক্সবাজার সদর মডেল থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলাকালে টাকা দাবি করা নিয়ে বিরোধের জেরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে গণেশ পাল নিহত হয়েছেন।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।