| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে মাটির নিচে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ২১:৪১:৪৭:অপরাহ্ন  |  ৫৭১৯৪৬ বার পঠিত
নাটোরে মাটির নিচে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে গোপনে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ১০ হাজার লিটার তেল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুর ২টার দিকে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত।

প্রশাসন সূত্রে জানা যায়, নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল সংরক্ষণ করা হয়েছে,এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে সেখানে মাটির নিচে থাকা ট্যাংকি থেকে প্রায় ১০ হাজার লিটার তেল উদ্ধার করা হয়।

এই তেল  সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রুবেলের বলে জানা যায়। তিনি সিংড়া থানার মোড় এলাকার ব্যবসায়ী এবং নিংগইন ভাটোপাড়া মহল্লার বাসিন্দা মো. বেল্লাল হোসেনের ছেলে।

অভিযানের পর বেআইনিভাবে তেল মজুত রাখার দায়ে তাকে পেট্রোলিয়াম আইন ২০১৬ বাংলাদেশ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রোববারের মধ্যে তেলগুলো অনুমোদিত ডিজেল দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে উপজেলার শেরকোল বাজার ও হাতিয়ান্দহ বাজার এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন দোকানিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান, কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে তেল বিক্রির পরিকল্পনার তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, ব্যবসায়ীর তেল মজুতের অনুমতি থাকলেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বেআইনিভাবে সংরক্ষণ করায় তাকে জরিমানা করা হয়েছে।উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪