বেনাপোল প্রতিনিধি: যশোরে বেজপাড়া আনসার ক্যাম্প এলাকা থেকে শেখ ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজ (২৫) ও চাঁচড়া মধ্যপাড়া এলাকা থেকে রকিবুল ইসলাম রুবেল ওরফে বড় রুবেলকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (৭ মার্চ) বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোল্ডেন ফিরোজ শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আলী আজীবর শেখের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে। অন্যদিকে আটক রুবেল শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার ইনসান মিয়ার ছেলে। তার বিরুদ্ধেও হত্যা, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত মোট ৩০টি মামলা রয়েছে।
যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, যশোরের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত রকিবুল ইসলাম রুবেল দীর্ঘদিন ধরে ৩০ মামলার আসামি হয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, তিনি চাঁচড়া মধ্যপাড়ার একটি বাড়িতে আত্মগোপনে থাকলেও সেখান থেকেই মাদক বিক্রি করছিলেন।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সাত বোতল ভারতীয় ‘উইন কোরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী শেখ ফিরোজকে গ্রেপ্তার করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী তিনি চিহ্নিত সন্ত্রাসী। যশোর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশের দাবি, গোল্ডেন ফিরোজ দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
ওসি মোহাম্মদ আলী জানান, দুই আসামিকে শনিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রিপোর্টার্স২৪/মিতু