স্টাফ রিপোর্টার: শনিবার, ছুটির দিন হলেও প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তেজগাঁওস্থ কার্যালয়ে অফিস করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি টানা তৃতীয় শনিবার তার অফিস কার্যক্রম।
আজ দুপুর ১২টায় কার্যালয়ে আগমন করেন প্রধানমন্ত্রী। এরপরই বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানো এবং বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
দুপুর আড়াইটায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। আলোচ্য বিষয় ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো এবং কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা।
এছাড়া প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিন, প্রেস সচিব ছালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এরপর প্রধানমন্ত্রী যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার আয়োজন করবেন।
রিপোর্টার্স২৪/এসসি