রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যরা স্পিকারকে অভিভাবক হিসেবে মেনে সংসদ কার্যক্রমে এগোবেন—এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ দিনের সংসদীয় প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, দেশে কার্যকরী সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যেই এই কর্মশালা আয়োজন করা হয়েছে। নতুন সদস্যরা যেন মানসিক চাপ অনুভব না করে সংসদে দায়িত্ব পালন করতে পারে, সে লক্ষ্য নিয়েই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সংসদীয় নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রথম ভাষণ দেবেন, এবং তার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে, এবং এজন্য প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রস্তুত করা হচ্ছে।
প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ২০৮ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছে, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে যোগ দিচ্ছেন।
রিপোর্টার্স২৪/ঝুম