চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। আটক জেলেদের মধ্যে ১৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি ৪ জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
আটক জেলেরা হলেন—আক্তার হোসেন (৩৪), মো. কাউছার (২৬), খোরশেদ আলম (৩৫), মো. বাচ্চু মিয়া (৩২), মো. নাজিম উদ্দিন (৩৯), মো. আজাদ (৪৫), মো. বারেক (২২), মো. শরীফ (২৪), সাইদুর রহমান (২৪), আবু সাইদ (৪৫), মো. নিয়ামত ভুঁইয়া (৪০), মো. মনির (৩৭) ও মো. সাগর (২৮)। অপ্রাপ্তবয়স্ক জেলেরা হলেন—মো. রবিউল, মো. সুক্কুর, বিল্লাল হোসেন ও মো. জাহিদ। তাঁদের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর, শরীয়তপুর ও নোয়াখালী জেলায়।
মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৮টা থেকে ভোর ৩টা পর্যন্ত মেঘনা নদীর সদর উপজেলার হরিনা থেকে কাচিকাটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৭ জেলে আটক, ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলেদের অর্থদণ্ড প্রদান করেন। কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং নৌকাগুলো কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে।
অভিযানে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন