জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ২২ হাজার ভারতীয় রুপিসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (৬ মার্চ) দুপুরে জামালপুরের ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। চোরাচালানবিরোধী অভিযানের সময় শিপন মিয়া ও আবদুস ছামাদ নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ২২ হাজার ভারতীয় রুপি ও ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর ১০৭৫ সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে পাথরেরচর বিওপির বিজিবি সদস্যরা।
অভিযানে বিজিবির গোয়েন্দা জালে আটকা পড়ে ২২ হাজার ভারতীয় রুপিসহ শিপন মিয়া ও আবদুস ছামাদ। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা গ্রামে। আটককালে ভারতীয় ১৮ পিস ওষুধ, মোবাইল ফোন ও পান মসলা জব্দ করা হয়। পরে আটককৃতদের দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন