চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুদ্দিন (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তার নয়ারহাট গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
চাচাতো ভাই মুন্না ও তার বন্ধুদের ভাষ্য, মাইনুদ্দিন সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদিনা মার্কেট এলাকায় গাছের গুঁড়ি ক্রেনের মাধ্যমে গাড়িতে তোলার কাজে নিয়োজিত ছিলেন। গাছের গুঁড়ি গাড়িতে তোলার সময় ক্রেনটি অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে লেগে যায়। এ সময় মাইনুদ্দিন ক্রেনটিতে হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান জানান, মাইনুদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন