সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি এবং শ্রমিকদের মারধরের অভিযোগে ছাত্রদল নেতা রহমত মারুফকে বহিষ্কার করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের স্বাক্ষরিত চিঠিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহমত মারুফ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে একই দিনে জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীর তীরবর্তী সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে রহমত মারুফকে তার বাড়ি থেকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা নিশ্চিত করেন, খাল খননের মাটি ট্রাকে করে বেড়িবাঁধ এলাকায় নেওয়ার সময় রহমত মারুফের বাড়ির সামনে ট্রাকগুলোর গতিরোধ করা হয়। অভিযোগ আছে, ওই সময় তার বাবা জামাল আহমদসহ ১০-১২ জন যুবক ট্রাকচালক ও শ্রমিকদের গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। এছাড়া প্রকল্পের কাজ চালাতে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করা হয়।
ট্রাকচালক মাহফুজুর রহমান ও প্রকল্প ম্যানেজার ফারুক আহমেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়, ট্রাকের গ্লাস ও বডি ভাঙচুর করা হয়। এছাড়া প্রকল্প ম্যানেজারের কাছে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। আহতরা স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসা নেন।
ঘটনার পর ট্রাক শ্রমিক মাহফুজুর রহমান বাদী হয়ে রহমত মারুফকে প্রধান আসামি করে তার বাবা জামাল আহমেদসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, ছাত্রদল নেতা রহমত মারুফ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
এই ঘটনায় জৈন্তাপুরের সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে নিরাপত্তা ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন এবং পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।