রিপোর্টার্স২৪ ডেস্ক : বিদেশগামী যাত্রী ও প্রবাসীদের সেবা নিশ্চিত করতে বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীদের প্রতি প্রবাসীবান্ধব আচরণের নির্দেশ দিয়েছেন আফরোজা খানম রিতা। তিনি বলেন, প্রবাসীদের সেবার মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যাত্রীসেবায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর মন্ত্রী। সভায় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী বলেন, বিদেশ থেকে আগত অনেক প্রবাসী বিমানবন্দরে বিভিন্ন প্রক্রিয়া বুঝতে না পেরে ভোগান্তির শিকার হন। তাই যাত্রীসেবার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও আন্তরিকতা বাড়াতে হবে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে—এই বিষয়টি মাথায় রেখে তাদের সর্বোচ্চ সম্মান দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। সেবার মান নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আকস্মিক পরিদর্শন চালানো হবে বলেও জানান মন্ত্রী।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেন এবং নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেন। দ্রুত টার্মিনালটি জনসাধারণের ব্যবহারের জন্য চালু করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ইমপোর্ট কার্গো টার্মিনালও পরিদর্শন করেন তারা।
প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের প্রতি সম্মান প্রদর্শনের সংস্কৃতি গড়ে তুলতে হবে এবং বিমানবন্দরের পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখা, মনিটরিং ব্যবস্থা জোরদার করা ও দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে অগ্নিকাণ্ড বা নিরাপত্তা ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।
সভায় মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন