মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ফলাফল চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। অর্থাৎ মাত্র ৩ হাজার ৩৭৬ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়।
ফলাফল ঘোষণার পর বেশ কয়েকটি কেন্দ্রের ভোট গণনা নিয়ে আপত্তি তোলেন বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ। নির্বাচন কমিশনের বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত তিনি হাইকোর্টে আবেদন করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক ও অ্যাডভোকেট হাসানুল আলম। তাদের উপস্থাপিত যুক্তিতে প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত এ আসনে ভোট পুনর্গণনার নির্দেশ দেন।
রিপোর্টার্স২৪/এসএন