মোল্লাহাট প্রতিনিধি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক (জেলা ম্যাজিস্ট্রেট), বাগেরহাটকে সভাপতি করে গঠিত এ কমিটিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যদের তালিকায় চৌধুরী রেনজিনা আহমেদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় তার শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কমিটিতে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও শিক্ষা বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
এলাকাবাসী জানান, চৌধুরী রেনজিনা আহমেদ দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। জেলা আইন-শৃঙ্খলা কমিটিতে তার অন্তর্ভুক্তি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
রিপোর্টার্স২৪/এসএন