চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই সার্বজনীন বৌদ্ধ শ্মশানে সংস্কারকাজের সামগ্রী বারবার চুরির ঘটনায় কাজ ব্যাহত হচ্ছে। বুধবার আরসিসি ঢালাইয়ের জন্য আনা লোহার রড চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
শ্মশান সংস্কার কমিটির অন্যতম উপদেষ্টা প্রিয়তোষ চৌধুরী জানান, চরকানাই এলাকার বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এটি একমাত্র শ্মশান। এখানে আধ্যাত্মিক সাধক রামদাস বড়ুয়ার সমাধিস্থলও রয়েছে, যা জোয়ারের পানিতে ভাঙনের ঝুঁকিতে আছে।
তিনি বলেন, বিশাল এই শ্মশানের চারপাশে খালের পানিতে চলাচলের রাস্তা বিলীন হয়ে গেছে। বহু বছর ধরে মৃতদেহ সৎকারের জন্য এখানে নিয়ে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বর্ষাকালে চারদিকে এক বুকসমান পানি জমে যায় এবং পাশ দিয়ে বয়ে যাওয়া খালের জোয়ারে রাস্তার কোনো চিহ্ন থাকে না। এ পরিস্থিতিতে গ্রামের যুবক ও বৃদ্ধরা মিলে সম্প্রতি যাতায়াতের রাস্তা নির্মাণ, সীমানা প্রাচীর ও দাহ চুল্লিসহ বিভিন্ন সংস্কারকাজ শুরু করেছেন। সম্মিলিতভাবে অর্থ সংগ্রহ করে কাজ শুরু হলেও চুরির ঘটনায় তা বাধাগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফ্রন্ট, পটিয়া উপজেলার সভাপতি ও চরকানাই গ্রামের সন্তান প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী বলেন, সকালে নয়ন বড়ুয়ার কাছ থেকে ফোনে জানতে পারি, শ্মশান সংস্কারের জন্য আনা লোহার রড দুর্বৃত্তরা রাতের আঁধারে চুরি করে নিয়ে গেছে। ফলে সংস্কারকাজ আপাতত বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, সার্বজনীন এই বৌদ্ধ শ্মশানটিতে বিভিন্ন অনুদান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সংস্কারকাজ চলছিল। এর আগে সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া শ্মশান সংস্কারের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। কিন্তু রড চুরির ঘটনায় কাজ বন্ধ রাখতে বাধ্য হতে হচ্ছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি নবনির্বাচিত সাংসদ এনামুল হক এনাম এবং স্থানীয়ভাবে একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের সহযোগিতা কামনা করেন।
রিপোর্টার্স২৪/এসএন