লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশা চালকের ঘুষিতে বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের ব্যস্ততম রায়পুর মেইন সড়কের একটি ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত আরমান (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
নিহত বেলাল হোসেন মিশোরী রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পৌর শহরের মেইন রোড এলাকায় রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বায়াতির ছেলে আরমান তার রিকশা রাস্তার পাশে দাঁড় করালে একই এলাকার কবির মোহরী (৫৫) নামের এক বৃদ্ধের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। প্রথমে বিষয়টি তর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত বেলাল হোসেন দুই পক্ষকে শান্ত করতে এগিয়ে গেলে অভিযুক্ত আরমান ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। অভিযোগ রয়েছে, তিনি বেলালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে বেলাল মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই হেলাল হোসেন বলেন, “আমার ভাই ঝগড়া থামাতে গিয়েছিল। তাকে অকারণে মারধর করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িত ব্যক্তিকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন