| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১৯:০৩:২৬:অপরাহ্ন  |  ৫৯০৩৩৪ বার পঠিত
যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোর শহরের মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেল থেকে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর একটার দিকে হোটেলের ৩০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হারুন অর রশিদ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মালোপাড়া এলাকার বাবুর্চি বাড়ির সামাদ বাবুর্চির ছেলে।

হোটেলের ওয়ার্ডবয় আব্দুল আওয়াল জানান, গত ৩ মার্চ হারুন অর রশিদ হোটেলের ৩০৩ নম্বর কক্ষে ওঠেন। বুধবার সন্ধ্যাতেও তিনি কক্ষে ছিলেন। বৃহস্পতিবার নির্ধারিত চেকআউটের সময় দরজায় ধাক্কা দেওয়া হলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর পাশের পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে দরজা খোলার চেষ্টা করা হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, বিছানার ওপর হারুন অর রশিদ পড়ে আছেন। ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় ধারণা করা হয়, তিনি মারা গেছেন।

পুলিশ জানায়, তার পাশে থাকা মোবাইল ফোনটি ‘ফ্লাইট মোডে’ রাখা ছিল। ফলে আত্মীয়-স্বজন কেউ যোগাযোগ করতে পারছিলেন না। ফ্লাইট মোড বন্ধ করার পরপরই একটি কল আসে। কলার নিজেকে আসাদুজ্জামান পরিচয় দিয়ে জানান, তিনি নিহতের জামাতা। তাকে মৃত্যুর খবর জানানো হলে তারা মুন্সিগঞ্জ থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেন।

এসআই ওয়াহিদুজ্জামান আরও জানান, জামাতার দেওয়া তথ্য অনুযায়ী হারুন অর রশিদ প্লাস্টিক ও কাচের মালামালের ব্যবসায়ী ছিলেন। ঢাকার মিটফোর্ড এলাকায় ‘শামীম প্লাস্টিক হাউজ’ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪