কিশোরগঞ্জ প্রতিনিধি: অবৈধভাবে খাল ভরাট এবং ড্রেন-কালভার্ট বন্ধ করে সৃষ্ট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা ও সদর উপজেলার সতাল এলাকার বাসিন্দাদের উদ্যোগে বুধবার সকাল ১১টায় মানববন্ধন শুরু হয়। মূল সতাল ভট্রচার্য্যপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষের বসবাসরত মূল সতাল ভট্রচার্য্যপাড়া এলাকায় তিন বছর আগে পানি নিষ্কাশনের একমাত্র খাল ও ড্রেন-কালভার্ট প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে ভরাট করে বাড়ি নির্মাণ করে। ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। বর্তমানে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। এক দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ১৫ দিনেও কমে না বলে জানান তারা। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদে যাওয়া মুসল্লিসহ হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মানববন্ধনে বক্তারা জলাবদ্ধতা নিরসনে খাল ও নর্দমা পুনঃখনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খাল ভরাট রোধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল বলেন, খাল, ড্রেন ও নর্দমা ভরাট করে যারা জলাবদ্ধতার মাধ্যমে ভোগান্তির সৃষ্টি করছে, তা রাষ্ট্রীয় অপরাধের সামিল।
সংগঠনটির জেলা শাখার সভাপতি হামিদা বেগম বলেন, এটি কোনো বাসযোগ্য পরিবেশ নয়। একটি অসাধু প্রভাবশালী চক্র খাল ভরাট ও ড্রেন-কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতার সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়িয়ে তুলছে।
রিপোর্টার্স২৪/এসএন