স্টাফ রিপোর্টার: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। নতুন সরকারের কাছে বিভিন্ন সুপারিশ তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল।
ইফতেখারুজ্জামান বলেন, নতুন নিয়োগ পাওয়া গভর্নরের বিরুদ্ধে জোরালো স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) রয়েছে। এর ফলে বাংলাদেশ ব্যাংক যথাযথভাবে নজরদারি সংস্থা হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না। সামনের পাঁচ বছরের জন্য এই নেতৃত্ব গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, যদি নিয়োগের পেছনে কোনো ষড়যন্ত্র থাকে বা বিশেষ মহলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্য থাকে, তবে এটি অত্যন্ত গুরুতর বিষয়। সরকারের উচিত সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা।
টিআইবির নির্বাহী পরিচালক আরও উল্লেখ করেন, নিয়োগের মাধ্যমে যদি লুটপাটের দায়ী শীর্ষ ব্যক্তিকে আবার কর্তৃত্বে ফিরিয়ে আনা হয়, তা রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না। তাই গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন যে, সরকারের কিছু পদক্ষেপ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিফলন তৈরি করেছে, তবে কিছু সিদ্ধান্ত উদ্বেগও জাগিয়েছে। বিশেষ করে মন্ত্রীর চাঁদাবাজি-সংক্রান্ত মন্তব্য, গভর্নর নিয়োগ নিয়ে বিতর্ক এবং দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ এসব বিষয় সম্ভাবনার পাশাপাশি ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি