স্টাফ রিপোর্টার: জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠান।বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা, গণতন্ত্র, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, চিকিৎসা, সমাজসেবা, পল্লী উন্নয়ন, গবেষণা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর ১৫ জন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর এই সম্মাননা পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য পুরস্কার পাচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মরণোত্তরভাবে মেজর মোহাম্মদ আবদুল জলিল।বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. জহুরুল করিম। চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য পুরস্কার পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
সাহিত্যে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন ড. আশরাফ সিদ্দিকী। সংস্কৃতিতে অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত (এ কে এম হানিফ) এবং মরণোত্তরভাবে বশির আহমেদ। ক্রীড়ায় অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন জোবেরা রহমান (লিনু)।
পল্লী উন্নয়নে অবদানের জন্য নির্বাচিত হয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সমাজসেবা ও জনসেবায় অবদানের জন্য মরণোত্তর সম্মাননা পাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং মাহেরীন চৌধুরী। একই ক্ষেত্রে সম্মাননা পাচ্ছে এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র। এছাড়া সমাজসেবায় অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন মো. সাইদুল হক।জনপ্রশাসনে অবদানের জন্য মরণোত্তরভাবে পুরস্কৃত হচ্ছেন কাজী ফজলুর রহমান।
গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।এছাড়া পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।সরকার প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করে থাকে।
রিপোর্টার্স২৪/এসসি