জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছে । এ ঘটনায় আহত সাইম (২২) নামে অপর মোটরসাইকেল চালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (৪ মার্চ) রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল বিশ্বাস (৪২) ও ভাতিজা উজ্জল বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে নরসুন্দরের কাজ করতো ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় একটি বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন কাজল ও আকাশ । পথে মিয়া পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আকাশ ।
স্থানীয়রা কাজলকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন । বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে ময়মসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কাজল ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনাস্থল থেকে বাইক দুটি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/মিতু