| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১১:৪৬:৫৭:পূর্বাহ্ন  |  ৫৯৫৮৮০ বার পঠিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৯ এপ্রিল। বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেছেন।

মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে সাবেক উপাচার্যসহ ২৪ জন পলাতক। অপর ছয়জন কারাগারে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

গত ২৪ জুন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রতিবেদন দাখিল করে। পরে ৬ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। হত্যার ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ায় সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, আবু সাঈদ দুই হাত প্রসারিত করে সড়কের ওপর দাঁড়িয়ে আছেন এবং পুলিশ তার বুকে একের পর এক গুলি চালাচ্ছে। এই হত্যাকাণ্ড আন্দোলনের ধারা পরিবর্তন করে এবং সারা দেশে ক্ষোভ ছড়িয়ে দেয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে জনগণ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪