গাজীপুর প্রতিনিধি: নির্বাচনের আগে থেকেই বেশ জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন মু. সালাহউদ্দিন আইউবী। গেল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় যেন সাধারণ মানুষের মনে আরো বেশি ঠাঁই করে নিয়েছেন এই সাংসদ।
প্রতিনিয়ত নির্বাচনী এলাকা কাপাসিয়ার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের দুঃখ ও দুর্দশার কথা শুনছেন এবং প্রতিকারের উপায় খুঁজে বের করতে মরিয়া এই সাংসদ। কখনো পায়ে হেঁটে আবার কখনো বাইসাইকেলে চড়ে আবার কখনো নিজের ব্যবহৃত গাড়িতে করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলছেন অনবরত।
দিনকে দিন বেড়েই চলছে সাংসদ সালাউদ্দিন আইউবীর জনপ্রিয়তা।
বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার সনমানিয়া ইউনিয়নাধীন চর সনমানিয়া কদমতলী বালুর মাঠে সরেজমিন স্থানীয় কৃষকদের দুঃখ-দুর্দশার কথা শুনতে কোন ধরণের মঞ্চ ও চেয়ার টেবিল ছাড়াই মাঠে ঘাসের উপর বসে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন তিনি।
এ সময় স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কোন ধরনের সংকোচ ছাড়াই কৃষকরা তাদের কৃষিজমিসহ বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরেন এমপির কাছে। এসময় তিনিও (এমপি) মনোযোগ সহকারে শুনেন তাদের (কৃষকদের) কথা। তাদের সমস্যার কথাগুলো শুনে দিয়েছেন সমাধানের আশ্বাস।
এসময় কদমতলী বালুর মাঠ পরিনত হয়েছিল দেশের অর্থনীতির চাকা সচল রাখার একমাত্র কারিগর কৃষক-সাংসদের মিলনমেলায়। সরাসরি মাঠে গিয়ে কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইউবী।
কৃষকদের সঙ্গে আলোচনার সময় সাংসদের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে লাইভ করা হয়। এ সময় সাহিদা আফরোজ নামে একজন তার কমেন্টে লিখেছেন, কৃষকের সালাহউদ্দিন আইউবী, শ্রমিকের সালাহউদ্দিন আইউবী, আমাদের সালাহউদ্দিন আইউবী এবং জনতার সালাহউদ্দিন আইউবী।
মো. ফয়সাল আহাম্মদ নামের একজন লিখেছেন, এটাই গণ মানুষের রাজনীতি। মো. আনোয়ার হোসাইন লিখেছেন, জনতার এমপি সালাহউদ্দিন আইউবী।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক তোফাজ্জল হোসেনসহ উপস্থিত কৃষকবৃন্দ।
রিপোর্টার্স২৪/ঝুম