দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় মসজিদে নামাজ পড়ার জন্য রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় নূর আহমদ (১৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে নূর আলম (৪২) নামে তার পিতা আহত হয়েছেন।
নিহত নূর আহমদ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির নূর আলমের ছেলে। তিনি দাগনভূঞা বাজারের চৌমুহনী রোডের একটি গাড়ির গ্যারেজে শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে চৌমুহনী রোডের চৌধুরী বাড়ি মসজিদসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নূর আহমদ তার বাবার সঙ্গে চৌধুরী বাড়ি মসজিদে নামাজ পড়ার জন্য রাস্তা পারাপারের সময় ফেনী-নোয়াখালী মহাসড়কে নোয়াখালী থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার পিতা নূর আলম গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন