| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় শিক্ষক নিহতের জেরে ইটভাটায় অগ্নিসংযোগ ও লুটপাট

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৫:০৪:০৬:অপরাহ্ন  |  ৫৯৪৫১৭ বার পঠিত
নওগাঁয় শিক্ষক নিহতের জেরে ইটভাটায় অগ্নিসংযোগ ও লুটপাট

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ইটভাটার ট্রাকের চাপায় রিমন হোসেন (৩০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা ওই ইটভাটায় আগুন ধরিয়ে দেয়। এ সময় নগদ কয়েক লাখ টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে কিত্তিপুর থেকে আড়চা গ্রামে যাওয়ার পথে কাদিমপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ইটভাটার ট্রাকের নিচে চাপা পড়েন শিক্ষক রিমন হোসেন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা বিবিসি নামের দুটি ইটভাটার অফিস, একটি এক্সক্যাভেটর ও কয়েকটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ইটভাটা বন্ধের দাবিতে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জানান, দুপুর ১২টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উত্তেজিত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনেন এবং নওগাঁ-বদলগাছী আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

ইটভাটার মালিক বলেন, সড়কে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া ও লুটপাট করা বেআইনি। এ বিষয়ে প্রশাসনের আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। আরও বলেন, তার ইটভাটার অফিস থেকে আট ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা লুটপাট হয়েছে এবং সকল হিসাবের নথিপত্র, এক্সক্যাভেটর ও ট্রাক পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪