| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেড় লাখ টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চা বিক্রেতা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ০৫:৩০:২৭:পূর্বাহ্ন  |  ৫৭৯৯১২ বার পঠিত
দেড় লাখ টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চা বিক্রেতা

ভাঙ্গা প্রতিনিধি: হৃদরোগে আক্রান্ত এক অসহায় রোগীর হারানো দেড় লক্ষাধিক টাকাভর্তি ব্যাগ প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের চা বিক্রেতা জোবায়ের হোসেন। তার এ মানবিক ও নৈতিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়ামের কার্যালয়ে সাংবাদিক ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে টাকার মালিক মিরাজ শেখের হাতে অর্থ তুলে দেওয়া হয়।

জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি বিকেলে জোবায়ের হোসেন তার চায়ের দোকানে একটি টাকাভর্তি ব্যাগ পান। তিনি ভাঙ্গা পৌরসদরের বটতলা মোড় সংলগ্ন ভাংগা হাইওয়ে পুলিশ স্টেশন-এর সামনে দীর্ঘদিন ধরে চায়ের স্টল পরিচালনা করছেন। বিভিন্ন ধরনের চা বিক্রি করে তিনি স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছেন।

সেদিন আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামের বাসিন্দা মিরাজ শেখ চিকিৎসার জন্য সংরক্ষিত অর্থসহ ব্যাগটি ভুলবশত দোকানে ফেলে যান। ব্যাগটি পেয়ে জোবায়ের হোসেন উদ্বিগ্ন হয়ে পড়েন। বিষয়টি গোপন রেখে তিনি নিজ উদ্যোগে প্রকৃত মালিকের সন্ধান শুরু করেন। তবে প্রথমদিকে কারও কাছ থেকে সঠিক তথ্য না পেয়ে তিনি হতাশ হন।

পরে তিনি এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালান এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও হারানো টাকার বিষয়ে তথ্য প্রকাশ করেন। অবশেষে প্রচারণার সূত্র ধরে এক ব্যক্তি যোগাযোগ করলে টাকার পরিমাণ ও ব্যাগের বর্ণনা মিলিয়ে দেখা হয়। সবকিছু নিশ্চিত হওয়ার পর উপজেলা প্রশাসনের উপস্থিতিতে মালিকের হাতে টাকা হস্তান্তর করা হয়।

টাকার মালিক মিরাজ শেখ জানান, তিনি হৃদরোগে আক্রান্ত। চিকিৎসা ও অপারেশনের জন্য কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছিলেন। টাকা হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে মাইকিং ও প্রচারণার মাধ্যমে বিষয়টি জানতে পেরে জোবায়ের হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, “টাকাগুলো একজন সৎ মানুষের হাতে পড়েছিল বলেই ফিরে পেয়েছি। আল্লাহর রহমত না থাকলে হয়তো আমার চিকিৎসাই সম্ভব হতো না।” এ কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

জোবায়ের হোসেন বলেন, সততা, ন্যায় ও নীতি মানুষের জীবনের মূল ভিত্তি। যার টাকা, তাকে ফিরিয়ে দেওয়া আমার নৈতিক ও ঈমানি দায়িত্ব ছিল। আমি শুধু দায়িত্ব পালন করেছি।

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম বলেন, জোবায়ের হোসেন নিজে থেকেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে হারানো টাকা প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে সহযোগিতা চান। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মালিকের হাতে অর্থ তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, একজন সাধারণ চা বিক্রেতার এ ধরনের সততা সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান সময়ে এমন সততার নজির বিরল। জোবায়ের হোসেনের এ মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেবে বলে তারা মনে করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪