| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেট্রোরেল-ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন কারা, জানালেন মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১৯:৫৫:২৬:অপরাহ্ন  |  ৫৮২২৪৪ বার পঠিত
মেট্রোরেল-ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন কারা, জানালেন মন্ত্রী

সিনিয়র রিপোর্টার: প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেলসহ সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। 

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এই সিদ্ধান্তের কথা জানান। তবে এ ভাড়া ছাড় কার্যকর করতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ অপশন রাখা হবে। ৬৫ বছরের বেশি বয়সীরা পরিচয়পত্র (আইডি কার্ড) দেখালে এই ছাড় পাবেন। এছাড়া ভ্রমণের সময় (অনবোর্ড) এবং টিকিট সংগ্রহের ক্ষেত্রে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদেরও সংশ্লিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা মন্ত্রণালয় থেকে দেওয়া কার্ডটি কার্যকর হবে।

তবে মুক্তিযোদ্ধারা কি এ সুবিধা পাবেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, সে বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি।

রেলের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, আমরা রেলের সেবার মান ও গতি বৃদ্ধি করতে চাই। বর্তমানে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন কিছু প্রকল্প নেওয়া হচ্ছে। এর ফলে রেল আরও শক্তিশালী, জনবান্ধব ও মানসম্মত হবে।

তিনি আরও বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীচাপ সামলাতে ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ (ইঞ্জিন) ব্যবহারের চেষ্টা রয়েছে। এটি সম্ভব হলে কোনো শিডিউল বিপর্যয় হবে না এবং অতিরিক্ত যাত্রী বহন করা সহজ হবে।

মন্ত্রী বলেন, বাস ও লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠক হয়েছে। তারা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা না নেওয়ার অঙ্গীকার করেছেন। প্রশাসন এ বিষয়ে কঠোর নজরদারি করছে। বাস মালিকদের পক্ষ থেকে যাতায়াতের সময় সেতুর টোল মওকুফের একটি দাবি করা হয়েছে ।

ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, পৃথিবীর অন্য কোথাও দুই দিনের মধ্যে প্রায় দেড় কোটি লোক শহর ছাড়ে না। এর ফলে একটি বিশাল চাপের সৃষ্টি হয়। ইনশাআল্লাহ, যে প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে একটি স্বস্তিদায়ক ও আরামদায়ক ঈদযাত্রা হবে বলে আমরা আশা করছি।

ঈদযাত্রা আরও সহজ করতে একদিনের ছুটি বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। বিষয়টি এখনো বিবেচনায় নেওয়ার সুযোগ হয়নি, তবে পরিস্থিতির প্রয়োজনে ভবিষ্যতে এমন সিদ্ধান্ত আসতে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪