| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফাল্গুনী পূর্ণিমায় হলি-রঙে রঙিন খাগড়াছড়ি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১৫:২৫:০২:অপরাহ্ন  |  ৬০৩৯০২ বার পঠিত
ফাল্গুনী পূর্ণিমায় হলি-রঙে রঙিন খাগড়াছড়ি

খাগড়াছড়ি প্রতিনিধি: ফাল্গুনী পূর্ণিমা তিথিতে রঙের উচ্ছ্বাসে ভেসেছে পাহাড়ি জনপদ । হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব হলি উপলক্ষে জেলা শহরজুড়ে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ। নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রঙের এ উৎসব পরিণত হয় মিলনমেলায়।

এ বছর জেলা শহরের মাঠে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয় হলি উৎসবের। পাড়া-মহল্লার গণ্ডি পেরিয়ে আয়োজিত এ উৎসবে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিশু, কিশোর, তরুণ ও প্রবীণরা অংশ নেন। একে অপরকে আবির ও রঙ মাখিয়ে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তারা।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। গান, নৃত্য ও আবৃত্তির পর রঙের খেলায় মেতে ওঠেন সবাই। লাল, নীল, সবুজ ও বেগুনি আবিরের ছোঁয়ায় মুহূর্তেই রঙিন হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। হাসি-আনন্দ আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে পড়ে চারপাশ।

আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি জেলার বিভিন্ন পাড়া-মহল্লাতেও যুগযুগ ধরে চলে আসা এ উৎসব উদযাপিত হচ্ছে। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে রঙের খেলায় মেতে উঠছেন অনেকে।

আয়োজকদের মতে, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে পালিত এই উৎসব সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখছে। ভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে কেবল একটি ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ থাকছে না; বরং এটি হয়ে উঠছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪