দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর দেবিদ্বার উপজেলা ও পৌর শাখা। সোমবার (২ মার্চ) বিকেলে দেবিদ্বার পৌর মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন পৌর জামায়াতের আমির ফেরদাউস আহামদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকীম ভূঁইয়া, দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি রহুল আমিন খান এবং দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল।
ইফতার মাহফিলে “যাকাতের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা উপস্থাপন করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুফতী অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম। তিনি রমজানের শিক্ষার আলোকে যাকাতের সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য তুলে ধরেন এবং সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে যাকাতের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মতিন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে দায়িত্ব পালন করেন এবং জীবনের ঝুঁকি নিয়ে সত্য উদঘাটনে কাজ করেন। তিনি পবিত্র রমজান মাসে আল কুরআনের শিক্ষা অনুধাবন করে আত্মশুদ্ধি ও নৈতিকতা চর্চার আহ্বান জানান। তিনি বলেন, এই মহান পেশায় যারা নিয়োজিত, তারা যদি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন, তাহলে তা ইবাদতের শামিল হতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা রমজানের আত্মসংযম, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চার ওপর গুরুত্ব দেন। ইফতার ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
রিপোর্টার্স২৪/বাবি