স্টাফ রিপোর্টার: মুসলিম বিশ্বের চলমান পরিস্থিতি ও সংকটকে কেন্দ্র করে রাজধানীতে এক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ। সোমবার (২ মার্চ) বিকাল ৪টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার দক্ষিণখান থানাধীন কসাইবাড়ি এলাকায় রেললাইন সংলগ্ন আমির’স চাইনিজ রেস্তোরাঁয় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী ও জেল-জুলুমের শিকার ব্যক্তিদের প্রতি সম্মান রেখেই ভবিষ্যতে কাজ করা হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ঘটনার দায় মুসলমানদের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এ পরিস্থিতি মোকাবেলায় মুসলিম বিশ্বের ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম। তিনি বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে কিছু রাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে নতুন করে ভাবনার প্রয়োজন রয়েছে।
এছাড়া ঢাকা-১৮ আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক সাইফ উদ্দিন আহমদ খন্দকার বক্তব্যে মুসলিম দেশগুলোর পারস্পরিক ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে হবে, যাতে বৈশ্বিক পরিসরে তাদের স্বার্থ সুরক্ষিত থাকে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন আলেম ও সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে মুসলিম বিশ্বের বর্তমান সংকট, করণীয় এবং পারস্পরিক সংহতির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি নেয়ামতুল্লাহ আমিন এবং সভাপতিত্ব করেন বৃহত্তর উলামা পরিষদের সভাপতি মুফতি কামাল উদ্দিন। ইফতার ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
রিপোর্টার্স২৪/বাবি