বেনাপোল প্রতিনিধি: আজ (সোমবার) সকাল থেকে যশোরের পেট্রোলপাম্পগুলোতে হঠাৎ ভিড় বাড়তে শুরু করেছে। বলতে গেলে একপ্রকার লাইন দিয়ে ক্রেতারা মোটরসাইকেলের ট্যাঙ্ক ভর্তি পেট্রোল ও অকটেন কিনছেন। পাম্পটিতে ৬-৭ মিনিট দাঁড়িয়ে অনেককে ফুল ট্যাঙ্ক তেল নিতে দেখা গেছে।
স্থানীয় মনিহার চত্বরের ওই পাম্পে “হঠাৎ ট্যাঙ্ক ভর্তি পেট্রোল ও অকটেন কিনছেন কেন?”— এমন প্রশ্নের জবাবে একজন যুবক জানান, দাম বাড়তে পারে— এমন আশঙ্কায় কিনছেন। ফুল ট্যাঙ্ক তেলে কতদিন চালাতে পারবেন, হুজুগে কিনছেন না তো— এমন প্রশ্নের জবাবে তিনি মৃদু হেসে বলেন, একই কারণে (হুজুগে) সবাই কিনছে।
এ কথার রেশ ধরে পাম্পের তেল বিক্রেতা এক কর্মী কিছুটা অনুযোগের সুরে বলেন, ফুল ট্যাঙ্ক ১৪-১৫ লিটার তেল ফুরিয়ে গেলে তারা মোটরবাইক ধুয়ে-মুছে ঘরে তুলে রাখবেন বলে মনে হচ্ছে।
এদিকে ইরানে আমেরিকা-ইসরাইলের যৌথ হামলার পর ইতোমধ্যে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। চারদিকে যুদ্ধের দামামা বাজছে। হামলা-পাল্টা হামলার দ্বিতীয় দিনে ইরান মধ্যপ্রাচ্য থেকে বহির্বিশ্বে অন্তত ৬০ শতাংশ তেল পরিবহনকারী রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ ঘোষণা করেছে। এ ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০ শতাংশ বাড়ানো হয়েছে।
তেলের দাম বৃদ্ধির রেশ বাংলাদেশেও পড়তে পারে— এই আশঙ্কায় পেট্রোলপাম্পগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে।
যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেলের যথেষ্ট মজুদ আছে, সংকট হবে না— বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
বর্তমানে পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন