বেনাপোল প্রতিনিধি: যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার ব্যবসায়ী মাহমুদুল ইসলামের তিন বছর আগে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন বাঘারপাড়া উপজেলার জোহরপুর গ্রামের নাজমুল ইসলাম ও তেলকুপা গ্রামের পলাশ। রোববার বিকেলে যশোর শহরের চাঁচড়া মোড় এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার ও দুজনকে আটক করা হয়।
ভুক্তভোগী মাহমুদুল ইসলাম জানান, তিন বছর আগে রমজান মাসে দুপুরের নামাজ আদায় করতে চাঁচড়া চেকপোস্ট এলাকার একটি মসজিদে যান তিনি। নামাজ শেষে বাইরে এসে দেখেন, তাঁর অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি তখন সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। দীর্ঘ সময় চেষ্টা করেও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাননি।
রোববার বিকেলে হঠাৎ করে যশোর জিলা স্কুল-এর সামনে তিনি দেখতে পান, তাঁর সেই মোটরসাইকেলটি অন্য একজন চালিয়ে নিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে তিনি আরেকটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন। চাঁচড়া চেকপোস্ট এলাকায় এসে স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেলসহ ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানা-এর এসআই আলমগীর জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরচক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪/এসএন