| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীতাকুণ্ড ইকোপার্কে গলাকাটা অবস্থায় কন্যাশিশু উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ০২:২৯:৫২:পূর্বাহ্ন  |  ৬১৩৫৬৩ বার পঠিত
সীতাকুণ্ড ইকোপার্কে গলাকাটা অবস্থায় কন্যাশিশু উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকা থেকে গলাকাটা অবস্থায় এক সাত বছর বয়সী কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে স্থানীয় শ্রমিকরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

আহত শিশুটি উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। চিকিৎসকরা জানিয়েছেন, তার শ্বাসনালী কেটে যাওয়ায় সে কথা বলতে পারছে না। শারীরিক অবস্থার পাশাপাশি পোশাকের আলামত দেখে চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সে যৌন সহিংসতার শিকার হয়ে থাকতে পারে। বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে ইকোপার্কের প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে সড়কের ব্লকের কাজ চলছিল। এ সময় একটি স্কেভেটর চালক জঙ্গল দিক থেকে টলতে টলতে আসা রক্তাক্ত শিশুটিকে দেখতে পান। শ্রমিকরা দ্রুত এগিয়ে গিয়ে তার গলার ক্ষতস্থানে কাপড় পেঁচিয়ে একটি ট্রাকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে স্থানান্তর করা হয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোহাম্মদ আলতাব হোসেন বলেন, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দ্রুত রেফার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে কুমিরা এলাকা থেকে ইকোপার্কের ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সবদিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪