অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রবিবার (১ মার্চ) সকালে নওয়াপাড়া বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে লিটন নামে এক পাইকারি লেবু ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারায় লেবু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আড়ৎদারদের পাইকারি মূল্য যাচাই করা হয়েছে, যাতে খুচরা বাজারের দামে তারতম্য না ঘটে। রমজান মাসব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন