| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লোহাগড়ায় চাচা-ভাইপোকে কুপিয়ে জখম

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৩:১২:৩৭:অপরাহ্ন  |  ৬০১৯৫২ বার পঠিত
লোহাগড়ায় চাচা-ভাইপোকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে চাচা মেছের মোল্যা ও ভাইপো ইয়ামিন মোল্যা নামে দুজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আলাউদ্দিন মোল্যার অনুসারীদের বিরুদ্ধে।

আহত মেছের মোল্যা (৩৫) লোহাগড়া উপজেলার নওয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি গ্রামের আহম্মেদ মোল্যার ছেলে। আহত ইয়ামিন মোল্যা (১৬) কাদের মোল্যার ছেলে। আহত মেছের মোল্যা ও ইয়ামিন মোল্যা নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কলাগাছি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অজিত কুমার রায়।

আহত মেছের মোল্যা বলেন, রাত ১১টার দিকে কলাগাছি বাজার থেকে আমি আর আমার ভাইপো ইয়ামিন মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলাম। পথিমধ্যে (একই গ্রাম) কলাগাছির আলাউদ্দিন মোল্যার ছেলে শাকিল মোল্যা (২২), সালাম মোল্যার ছেলে ইনামুল মোল্যা (৩৮), জিল্লু মোল্যার ছেলে তুহিন মোল্যা (৩২), হাসিফ মোল্যা (২৭), আব্দুল্লাহ মোল্যার ছেলে আরমান মোল্যা (১৯), আতিয়ার মোল্যার ছেলে রমিন মোল্যা (৩৬), মৃত ইসরাফিল শেখের ছেলে কোবাদ শেখ (৩৫)সহ আরও ৩/৪ জন আমাকে ও আমার ভাইপোকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আহত ইয়ামিন মোল্যার বাবা কাদের মোল্যা বলেন, আলাউদ্দিন মোল্যার নেতৃত্বে সপ্তাহ খানেক আগে ওরা আমাদের ৪/৫টি বাড়িঘর ভাঙচুর করেছে। পরে স্থানীয় মাতুব্বররা সালিশ করে মিটিয়ে দিয়েছেন। কাল রাতে আবার আমার ছেলে ও ভাইকে হত্যার উদ্দেশ্যে পিটিয়েছে ও কুপিয়েছে। আমি এ ঘটনায় মামলা করব। এর যথাযথ বিচার চাই।

আহত মেছের মোল্যার ভাই উদার মোল্যা বলেন, আমার ভাই বাজারে ব্যবসা করে। কাল রাতে বাড়ি আসার সময় আমার ভাই ও ভাইপোকে মারপিট করা হয়েছে। আমার ভাইয়ের কাছে থাকা কিছু টাকা-পয়সা নিয়ে গেছে। তাঁর মোটরসাইকেলটি ভেঙে তছনছ করে ফেলেছে।

এ বিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন মোল্যার মুঠোফোনে ফোন দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অজিত কুমার রায় বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪