স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্প্রতি ৫১টি মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ইশতেহারে দেওয়া অঙ্গীকার অনুযায়ী সংশ্লিষ্ট খাতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। গত ২৩ ফেব্রুয়ারি ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সর্বাধিক সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনি ইশতেহার এখন জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে নিজ নিজ আওতাধীন খাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনি ইশতেহার-২০২৬) বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে পরিকল্পনাসহ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগ–এ পাঠাতে সচিব ও সিনিয়র সচিবদের অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি