স্টাফ রিপোর্টার: স্টাফ রিপোর্টার: ঈদের আগেই শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে শ্রমিকদের প্রাপ্য পরিশোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ব্যক্তি খাতে কর বাড়ানো হচ্ছে না।
তিনি বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। বাংলাদেশে ট্যাক্স-জিডিপি অনুপাত অন্যান্য দেশের তুলনায় কম। ফলে যে পরিমাণ রাজস্ব আদায় হয়, তা সরকারের ব্যয় মেটাতেই শেষ হয়ে যায়; উন্নয়ন ব্যয়ে পর্যাপ্ত অর্থ থাকে না। তাই ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর কথা বলা হয়েছে, ব্যক্তি কর বৃদ্ধি নয়।
রমজানে বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শুরুতে লেবুসহ কয়েকটি পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়লেও এখন পরিস্থিতি স্থিতিশীল।
এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের কাছে মুক্তবাণিজ্য (ফ্রি ট্রেড) চুক্তির বিষয়ে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে।
বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ
সভায় উপস্থিত প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বন্ধ থাকা বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে। আগামী এক মাসের মধ্যে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে।
তিনি জানান, স্পেনে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স যথাসময়ে পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, নদী খননে কঠোর নজরদারি
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নদী খননে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। অতীতে দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনসাধারণের জন্য যা প্রয়োজন, তা আমরা পাহারা দিয়ে শেষ করব।
বর্ষা মৌসুমকে সামনে রেখে নদী-খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারে কাজ চলছে। সিলেট অঞ্চলে পাহাড়ি ঢলের কারণে প্রতিবছর বন্যা পরিস্থিতি তৈরি হয়, যা মোকাবিলায় চলমান প্রকল্পের পাশাপাশি নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। যৌথ নদী কমিশনেও এ বিষয়ে আলোচনা চলছে।
সভা শেষে মন্ত্রীরা নদীভাঙন কবলিত সুরমা ও চেঙ্গার নদী এলাকা পরিদর্শন করেন।
রিপোর্টার্স২৪/ঝুম