চাঁদপুর প্রতিনিধি: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষকরা যদি অনুমতি ছাড়া শিক্ষকতার বাইরে অন্য কোনো পেশায় যুক্ত থাকেন, তবে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলায় নিজ নির্বাচনি এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, শিক্ষকদের দায়িত্ব পালনে কোনো অবহেলা থাকলে তা সামনে আনতে হবে। বিষয়টি আমাদের নজরে এলে তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও পেশাগত নৈতিকতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।
পরে শিক্ষামন্ত্রী কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, থানার ওসি বোরহান উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি