| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যামিলি কার্ড উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৬:২৪:০৭:অপরাহ্ন  |  ৬০৭৯৩৭ বার পঠিত
ফ্যামিলি কার্ড উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পথে আরেক ধাপ এগোচ্ছে সরকার। আগামী ১০ মার্চ বগুড়ায় আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। এ উপলক্ষে সেদিন বগুড়ায় সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড় শাহ সুলতান বলখী (রহ.) মাজার প্রাঙ্গণে নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বগুড়ায় এই কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে সরকারের নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগের। এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় প্রথম সরকারি সফর।

প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাইলট প্রকল্প হিসেবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য উপকারভোগী পরিবার চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও তদারকি কমিটি কাজ শুরু করেছে।

জানা গেছে, ‘ফ্যামিলি কার্ড’ পাওয়া প্রতিটি পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার আওতায় থাকবেন। প্রতি পরিবারে একজন নারী সদস্যকে কার্ডধারী হিসেবে নিবন্ধন করা হবে।

যোগ্য বিবেচিত প্রতিটি পরিবারকে সংশ্লিষ্ট ওয়ার্ডে কার্ড প্রদান করা হবে। চার মাস পরীক্ষামূলকভাবে কার্যক্রম পরিচালনার পর ধাপে ধাপে এটি দেশের সব উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪