ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মালিকদের হাতে চেক তুলে দেওয়া হয়। এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, সিনিয়র সহকারী কমিশনার নির্মল কান্তি তালুকদার ও আহমেদ সাদাতসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ৪২ জনকে মোট ৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার ১০৬ টাকার চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করছি। এরই অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। আগামী বুধবার আরও কিছু চেক হস্তান্তর করা হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন