| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোনাগাজীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ০৫:১৮:১৮:পূর্বাহ্ন  |  ৬০৭০৪০ বার পঠিত
সোনাগাজীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে ডেকে নিয়ে ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব নবী তারেক (২৬) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের গুনক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক গুনক গ্রামের লক্সমালের বাড়ির বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার দাবি করেছে, পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে এ হামলা চালানো হয়। তারেকের পিতা কামাল উদ্দিন অভিযোগ করেন, একই বাড়ির বাসিন্দা ওহিদুর রহমানের স্ত্রী নারু (নাহার) পূর্বের একটি বিরোধ নিষ্পত্তির কথা বলে তারেককে বাড়িতে ডেকে নেন। সেখানে আগে থেকে ওত পেতে থাকা ওহিদুর রহমানের ছেলে নাহিদ, সাঈদ, নিলয় ও স্ত্রী নারু দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তারেকের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় বলে তিনি দাবি করেন।

কামাল উদ্দিন আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলে নিথর পড়ে আছে। এরপরও ওহিদুর রহমান তাকে ডাকাত আখ্যা দিয়ে লাঠি দিয়ে আঘাত করছিলেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তারেক ও অভিযুক্ত নাহিদের স্ত্রীর মধ্যে পরকীয়ার সম্পর্কের অভিযোগ নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। এলাকাবাসীর ধারণা, এ বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। একই বাড়ির বাসিন্দা আবদুল গফুর জানান, কয়েকদিন আগে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল হক চৌধুরীর কাছে নাহিদ অভিযোগ করেছিলেন যে, তার স্ত্রীর সঙ্গে তারেকের সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে তারেককে জিজ্ঞাসাবাদের কথাও বলা হয়েছিল।

ঘটনার পরপরই খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে একটি কিরিচ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪