স্টাফ রিপোর্টার, রাজশাহী: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিন পেলেও তাদের বিরুদ্ধে অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ডিআইজি স্বাক্ষরিত এক চিঠিতে রাজশাহী রেঞ্জের অধীন আট জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) এ নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কয়েকটি বিষয়ে দৃষ্টি দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে,কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী ও সংগঠিত করতে কিংবা মাঠপর্যায়ে তৎপরতা চালাতে সক্ষম বলে বিবেচিত হবেন, তাঁদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে। তবে যারা এ ধরনের বৈশিষ্ট্যের অধিকারী নন, তাঁদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন নেই।
এ ছাড়া প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বিষয়টি আগেই গ্রুপ বার্তার মাধ্যমে পুলিশ সুপারদের জানানো হয়েছিল এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় নির্দেশনা।
রাজশাহী রেঞ্জের আওতাধীন যেসব জেলায় এ নির্দেশনা পাঠানো হয়েছে সেগুলো হলো,রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট।
রিপোর্টার্স২৪/এসসি