| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় পল্লী চিকিৎসক খুন, প্রধান আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৫:২৩:৫৭:অপরাহ্ন  |  ৬১৭৫০৩ বার পঠিত
শার্শায় পল্লী চিকিৎসক খুন, প্রধান আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় পল্লী চিকিৎসক আল-আমিন হত্যাকাণ্ডের পাঁচ দিনের মাথায় প্রধান আসামি গাজী মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে মশিউরকে শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত আল-আমিন (৩০) উপজেলার গাতিপাড়া গ্রামের বাসিন্দা। গত ১৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে বাড়ির অদূরে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। ঘটনার পরদিন নিহতের পরিবার শার্শা থানায় হত্যা মামলা দায়ের করলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর থেকেই সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়। মোবাইল ট্র্যাকিং, কললিস্ট বিশ্লেষণ ও গোপন নজরদারির মাধ্যমে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত থাকার অভিযোগে মশিউরের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপরই তাকে ধরতে মাঠে নামে র‍্যাবের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার মশিউর রহমান নড়াইল জেলার লোহাগড়া থানার ধলাইতলা গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে বলে জানা গেছে।

শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তবে হত্যার পেছনের উদ্দেশ্য-পূর্ব শত্রুতা, আর্থিক বিরোধ নাকি অন্য কোনো কারণ তা এখনো স্পষ্ট নয়। তদন্তকারীরা বলছেন, জিজ্ঞাসাবাদ ও আরও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ঘটনার পূর্ণ চিত্র উন্মোচন করা হবে।

এদিকে আল-আমিন হত্যার ঘটনায় ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে পুরো গাতিপাড়া গ্রামে  । দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪