রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের প্রক্রিয়া চলছে। আবেদনকারীরা বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এই সময়ের মধ্যে ছবি ও সেলফি সঠিকভাবে আপলোড না করলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণও সম্ভব হবে না।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, “ছবি ও সেলফি উভয়ই ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সঠিকভাবে গৃহীত না হলে প্রবেশপত্র ডাউনলোড ও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব হবে না।”
প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। এর আগে, গত বছরের ৭ ডিসেম্বর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আবেদন প্রক্রিয়া তিন দফায় সময় বাড়িয়ে ১৬ জানুয়ারি শেষ হয়।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ভর্তি পরীক্ষার সূচি হবে: ২৭ মার্চ: ‘সি’ ইউনিট, ৩ এপ্রিল: ‘বি’ ইউনিট, ১০ এপ্রিল: ‘এ’ ইউনিট।
প্রতি পরীক্ষার্থীর জন্য ন্যূনতম পাস নম্বর ৩০। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.gstadmission.ac.bd ওয়েবসাইটে।
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয় হলো: ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নওগাঁ বিশ্ববিদ্যালয়।
রিপোর্টার্স২৪/আরকে