| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি ফকির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৩:১০:১৪:অপরাহ্ন  |  ৬৫৬২৯৯ বার পঠিত
দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি ফকির

রিপোর্টার্স২৪ ডেস্ক: নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আইজিপির দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন।

আইজিপি পদে নিয়োগের আগে মো. আলী হোসেন ফকির এপিবিএনের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশের সাথে যুক্ত মো. আলী হোসেন ফকির দেশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন এবং আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট ও ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স এবং এসপিবিএনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এছাড়া, কসোভো ও আইভরিকোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও সুনামের সঙ্গে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি সরকারি দায়িত্ব পালন ও প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়াও ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স), এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেছেন মো. আলী হোসেন ফকির। তিনি ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।

দায়িত্বভার গ্রহণের সময় পুলিশ হেডকোয়ার্টার্সে নবনিযুক্ত আইজিপিকে একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪