| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাবাজি বন্ধে মিন্টুর ওয়েব সাইট: ৫ দিনে ১৬৭টি অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১২:৩৮:৩৮:অপরাহ্ন  |  ৬৪৯৫৩৫ বার পঠিত
চাঁদাবাজি বন্ধে মিন্টুর ওয়েব সাইট: ৫ দিনে ১৬৭টি অভিযোগ

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: নিজ নির্বাচনি এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়ম বন্ধে হটলাইন ও ওয়েব সাইটে অভিযোগ ব্যবস্থা চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ইতোমধ্যে ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, আজ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে সমাধান করতে আমরা বদ্ধ পরিকর।

একই পোস্টে জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করার অনুরোধ জানিয়ে দ্রুত সমাধানের স্বার্থে অভিযোগ ওয়েবসাইটে দাখিল করার আহ্বান জানান আবদুল আউয়াল মিন্টু।

এর আগে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখতে একটি হটলাইন চালুর ঘোষণা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। একই সঙ্গে অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০-০৪৮৪৪ নম্বরটি প্রকাশ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শিল্প উদ্যোক্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এমপি হওয়ার পরপরই তিনি মন্ত্রিসভায় স্থান পান। দীর্ঘদিন মন্ত্রী শূন্য থাকা ফেনী জেলা তার মাধ্যমে পুনরায় মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়। সংশ্লিষ্ট মহলের ধারণা, তার এ দায়িত্ব জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডেও গতি সঞ্চার করবে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪